শুধু ঢাকা নয়, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুরা অকাতরে মারা যাচ্ছে। কিন্তু কারও কোনো ভ্রুক্ষেপ নেই।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে বিএনপি মহাসচিব ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসের পদত্যাগ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, কলকাতায় এতো ঘনবসতি হওয়ার পরও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমাদের সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ। দুই সিটি মেয়র শুধু নিজেদের স্বার্থের বিষয় নিয়ে পড়ে আছেন।
