তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না। সব ধরনের আয়করমুক্ত থাকবে ফ্রিল্যান্সিং খাত।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেলিসিটি ইন্টারনেট ডাটা সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিবান্ধব আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ও বিকাশে ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণ, উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনুদান প্রদান, তাদের আইডিসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। সাম্প্রতিক সময়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে এবং ফ্রিল্যান্সারদের বিভ্রান্ত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও আমাকে নিয়েও অপপ্রচারে লিপ্ত।