শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


অনুমোদন পেল আরও ৩৮ হজ এজেন্সি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কাবা শরীফ । ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানোর জন্য আরও ৩৮টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। নতুন ৩৮টি এজেন্সি যুক্ত হওয়ায় আগামী হজ মৌসুমে অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬০টিতে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদিত এজেন্সিগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত প্রতিটি এজেন্সিকে নতুন হজযাত্রীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। কোনো এজেন্সি নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে নিবন্ধন ছাড়াই কোনো ব্যক্তিকে সৌদি আরবে পাঠালে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো এজেন্সি অনলাইনে নিবন্ধন না করে হজযাত্রী পাঠালে তার পরিচালন লাইসেন্স বাতিল করা হতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েও লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে। হজযাত্রীদের অনলাইনভিত্তিক ‘ই-হজ’ ব্যবস্থায় নিবন্ধন করতে হবে। এই অনলাইন নিবন্ধনই হজযাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সির মধ্যে চুক্তি হিসেবে বিবেচিত হবে।

নিবন্ধনের সময় হজ এজেন্সিকে সৌদি আরবে যেসব সেবা দেওয়া হবে, অবস্থানের সময়কাল, হোটেল থেকে হজের বিভিন্ন স্থান ও পবিত্র স্থানগুলোর দূরত্ব এবং হজ প্যাকেজের মোট খরচসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতিটি এজেন্সি বা একাধিক এজেন্সির সমন্বয়ে গঠিত গ্রুপকে কমপক্ষে ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন দক্ষ গাইড নিয়োগ করতে হবে। নিয়োগপ্রাপ্ত গাইডকে সৌদি আরবের ভাষা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং হজের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও দিকনির্দেশনা দেওয়ার বিষয়ে পারদর্শী হতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ নির্ধারিত কোটা পূরণের জন্য একাধিক হজ এজেন্সি পারস্পরিকভাবে সমন্বয় করে প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রী নিবন্ধন করতে পারবে। ২০২৭ সালের হজ কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে অনলাইন নিবন্ধন, প্যাকেজের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং প্রশিক্ষিত গাইড নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ