শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। 

ওআইসির পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ২৩তম বিশেষ নির্বাহী পরিষদের বৈঠকের ফাঁকে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীলতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে এবং এই অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর সম্পন্ন হয়েছে, যা বিভিন্ন খাতে সার্বিক সহযোগিতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে হতে যাওয়া সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরগুলোর বিষয়েও তিনি আলোকপাত করেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশকে তাদের অন্যতম ‌‘অগ্রাধিকারভুক্ত দেশ’ হিসেবে উল্লেখ করে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা তুলে ধরে তিনি বাণিজ্য ও বিনিয়োগের আওতা আরও বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করেন। এ ছাড়া, তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের মূল্যবান অবদানের ভূয়সী প্রশংসা করেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল কারিম এল-খেরেজি, ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ