নিজস্ব প্রতিবেদক
কওমি অঙ্গনে দাওয়াতি চেতনা ও ভাষাগত দক্ষতা বাড়াতে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মারকায জামিআ আবু বকর সিদ্দীক রা.-এ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের ধারাবাহিক দরস। এখন থেকে প্রতি সপ্তাহে একদিন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জন্য ভাষা ও সাহিত্যচর্চার বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে মাদরাসা সংশ্লিষ্টরা জানান, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা ও অবিসংবাদিত রাজনেতা আল্লামা আতহার আলী রহ. ছিলেন সাহিত্য অনুরাগী এক মহান মনীষী। তিনি সবসময় শিক্ষার্থীদের শিল্প-সাহিত্যের চর্চায় উৎসাহ দিতেন। তারই অন্যতম প্রিয় ছাত্র ও খাদেম মাওলানা শাহ মুহাম্মাদ ইসমাঈল প্রতিষ্ঠিত এই জামিআ আবু বকর সিদ্দীক রা.-এ মহান আকাবীরদের সেই জ্ঞান ও সাহিত্য সাধনার ধারাকে বজায় রাখতেই এই নতুন আয়োজন।
কোর্সের বিষয়ে জামিআর ভাইস প্রিন্সিপাল মুফতি আব্দুল্লাহ সাদেক বলেন, "জ্ঞান ও চিন্তার জগতে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান। দাওয়াত ও তাবলিগের ময়দানে ভাষা-সাহিত্যের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা বহুমুখী জ্ঞানচর্চায় এগিয়ে আসুক এবং আকাবীর-আসলাফের পদাঙ্ক অনুসরণ করে নববী দাওয়াহর কাজকে আরও বেগবান করুক।"

সাপ্তাহিক এই বিশেষ প্রশিক্ষণ দরস পরিচালনা করছেন বিশিষ্ট কবি, শিক্ষক ও সুলেখক সাইফ সিরাজ। সাহিত্য চর্চার এই সফর নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, "আমার অভিজ্ঞতা থেকে তরুণ তালিবে ইলমরা যদি সামান্য উপকৃতও হতে পারেন, তবে তা হবে আমার জন্য পরম আনন্দের। কওমি মাদরাসার অন্দরে শিক্ষাদান কার্যক্রমে যুক্ত হতে পেরে সত্যিই ভালো লাগছে। আশা করি জামিআ আবু বকরের শিক্ষার্থীদের সঙ্গে এই পথচলা অত্যন্ত ফলপ্রসূ হবে।"
আইও/