আন্তর্জাতিক ডেস্ক
কোনো খরচ ছাড়াই পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। এ সুযোগ পেতে অংশ নিতে হবে অনলাইন কুইজ ও লটারি প্রতিযোগিতায়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাপ ‘নুসুক’-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা এতে অংশ নিতে পারবেন।
গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ।
বিজয়ীদের জন্য প্যাকেজে থাকছে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাত থাকার ব্যবস্থা। বিজয়ীরা চাইলে তাঁদের সঙ্গে আরও একজনকে নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া প্রতিদিন ১০ জন অংশগ্রহণকারী পাবেন জমজমের পানির বিশেষ কার্ড।
নুসুক অ্যাপের কুইজে যেভাবে অংশ নেবেন
প্রতিযোগিতায় বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিমরা অংশ নিতে পারবেন। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে স্মার্টফোনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে নিজের নাম, ই-মেইল, দেশ ও বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ই-মেইলে পাঠানো এককালীন গোপন সংকেতের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।
নিবন্ধন শেষে অ্যাপের মেনু থেকে ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে পবিত্র কোরআন, মহানবী (সা.)-এর জীবনচরিত, ওমরাহর নিয়মকানুন ও ইসলামের ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে কুইজে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
অংশগ্রহণকারীদের পছন্দের বিষয় নির্বাচন করে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে স্বয়ংক্রিয়ভাবে নাম দৈনিক লটারির তালিকায় যুক্ত হবে।
এ ছাড়া নিজের আমন্ত্রণ কোড ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যাবে। এতে লটারিতে অংশগ্রহণের সুযোগ বাড়বে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে নুসুকের অফিশিয়াল অ্যাপ ও যাচাইকৃত মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
আইও/