নিজস্ব প্রতিবেদক
সাহাবায়ে কেরামের অনুসৃত পথকেই সিরাতুল মুস্তাকিম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দেশের প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে জামায়াতে ইসলামী ও দলটির প্রতিষ্ঠাতা আবুল আ'লা মওদূদীর চিন্তাধারার কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর দীন আমাদের দীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শই সাহাবায়ে কেরামের আদর্শ। কোরআন ও হাদিসের মাধ্যমে এ পথই উম্মতের কাছে পৌঁছেছে। এটিই সিরাতুল মুস্তাকিম। যারা এ পথে অবিচল থাকবে, তারাই নাজাত পাবে।
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী উম্মতের মধ্যে ৭২টি ভ্রান্ত ফিরকার আবির্ভাব ঘটেছে। বর্তমানে বিভিন্ন ভ্রান্ত মতাদর্শের বিস্তার ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন—এমন বক্তব্যের সমালোচনা করে হেফাজত আমির বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধানসহ ইসলামের মৌলিক বিধান ও আমলগুলো আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমেই পেয়েছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজের পদ্ধতি সাহাবিরাই প্রত্যক্ষ করেছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করা হলে দ্বীনের ধারাবাহিকতাই প্রশ্নের মুখে পড়ে।
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আ'লা মওদূদীর চিন্তাধারার সমালোচনা করে তিনি বলেন, মওদূদী সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে চাননি। তাঁর বিভিন্ন বক্তব্য ইসলামের প্রচলিত আকিদা ও ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে জামায়াতে ইসলামীর ধর্মীয় আদর্শকে নিজেদের অনুসৃত ইসলামী আদর্শ থেকে পৃথক বলে মন্তব্য করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মীয়-রাজনৈতিক গোষ্ঠীরও সমালোচনা করেন হেফাজত আমির।
মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলন বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয়। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
আইও/