নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অঙ্গনে নতুন দায়িত্ব পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ। আন্তর্জাতিক পর্যায়ের আইনি ও মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস অর্গানাইজেশন (আইজেও) তাঁকে আগামী তিন বছরের জন্য ‘ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স’-এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে।
নতুন দায়িত্বের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক বিষয়াবলি ও মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ তৈরি হয়েছে তাঁর জন্য। এটিকে তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।
দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. মাওলানা শুয়াইব আহমদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, অর্পিত দায়িত্ব তাঁর কাছে শুধু একটি পদ বা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি আমানত। আন্তর্জাতিক পরিসরে ন্যায়, মানবতা ও ইনসাফের পক্ষে কাজ করার সুযোগকে তিনি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, অর্পিত দায়িত্ব সততা, আমানতদারি ও যথাযথ দক্ষতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। বিশেষ করে নিপীড়িত, বঞ্চিত ও অসহায় মানুষের অধিকার এবং ন্যায়ের পক্ষে কাজ করার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন।
দ্বীনি শিক্ষা, দাওয়াহ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন ড. মাওলানা শুয়াইব আহমদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জামিয়া হুসাইনিয়া দিরাইয়ের পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে আলেম-উলামা, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
নতুন দায়িত্ব যেন দ্বীন, দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগাতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন ড. মাওলানা শুয়াইব আহমদ।
আইও/