বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা দেশের মাটিতে এখনো ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে।
শুক্রবার (১৬ মে) বিকেলে কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটির ভোট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, বিগত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। ২০১৪ সালে হাসিনা বিএনপিকে ছাড়া একদলীয়ভাবে ভোট নিয়ে গেছে। ২০১৮ সালে আমাদের ঘুমে রেখে ভোট নিয়ে গেছে। ২০২৪ সালে আমাদের নেতাকর্মীদের জেলে রেখে ভোট করেছে। যার কারণে মানুষ ভোটের প্রক্রিয়া ভুলে গেছে। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বিধায় ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত নেতা নির্বাচন ভোটের মাধ্যমে হচ্ছে। এর উদ্দেশ্য হলো দলের ভিতরে গণতন্ত্র চর্চা করা। তাই এ প্রক্রিয়ায় আমরা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করছি।
