মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

খুব শিগগিরই ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হবে: আব্দুল হালিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট খুব শিগগিরই ১১ দলে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, এটি ঠাকুরগাঁও–১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে সুষম উন্নয়নের আওতায় আনা হবে। জামায়াতে ইসলামীর আমীরের এই জনসভা সেই লক্ষ্য বাস্তবায়নে আরও গতি সঞ্চার করবে।

সম্প্রতি দেওয়া একটি রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। উক্ত বক্তব্যে নির্দিষ্ট করে কোনো দলের নাম উল্লেখ করা হয়নি। আর জামায়াতে ইসলামী আদর্শিকভাবে কীভাবে পরিচালিত হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।

জোট রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে জামায়াতে ইসলামী আসন ছেড়ে দিয়েছে। ইসলামী আন্দোলন বর্তমানে আমাদের জোটের অংশ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে এখনই ১১ দল বলা যাচ্ছে না। তবুও আমরা বিশ্বাস করি, ১০ দল ঐক্যবদ্ধভাবে কাজ করলে আল্লাহর রহমতে যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরএরইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ