বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮


গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ অবস্থায় দেশের পানির ন্যায্য হিস্যা ও দীর্ঘমেয়াদি স্বার্থ নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গঙ্গার পানির প্রশ্ন কোনো দলীয় বিষয় নয়। এটি দেশের কৃষি, পরিবেশ, অর্থনীতি ও কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত একটি জাতীয় স্বার্থের বিষয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ১৯৯৬ সালের চুক্তির অভিজ্ঞতা পর্যালোচনা করে নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আরও সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হবে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য প্রবাহের নিশ্চয়তা, বর্ষায় অতিরিক্ত পানির প্রবাহজনিত ক্ষতি মোকাবিলা এবং পানি বণ্টনে স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা থাকতে হবে। পদ্মার পানিপ্রবাহ কমে গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌপরিবহন, জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নেতৃদ্বয় বলেন, গঙ্গার পানি বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত না নিয়ে বিরোধী দলসহ দেশের রাজনৈতিক দল, পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য গড়ে তুলুক। আলোচনার ভিত্তিতে একটি শক্তিশালী ও বাস্তবসম্মত জাতীয় অবস্থান নির্ধারণ করতে হবে, যাতে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে। কেবল চুক্তি নবায়ন করাই যথেষ্ট নয়। নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যার নিশ্চয়তা, বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকতে হবে।

তারা আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই জাতীয় স্বার্থে দৃঢ় কূটনৈতিক অবস্থান নিতে হবে। সময়ক্ষেপণের সুযোগ নেই। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচনায় অগ্রগতি নিশ্চিত করতে হবে। গঙ্গার পানি কোনো বিশেষ রাজনৈতিক দলের সম্পদ নয়। এটি বাংলাদেশের মানুষের অধিকার। জনগণের স্বার্থ উপেক্ষা করে কোনো দুর্বল বা অসম চুক্তি করা হলে তার দায় ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজন, সংসদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার আহ্বান জানান। তাঁরা বলেন, দেশের কৃষক, সাধারণ মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের পানির অধিকার রক্ষায় সরকারকে দায়িত্বশীল ও দূরদর্শী ভূমিকা পালন করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ