আওয়ার ইসলাম: প্রকাশ্যে কেন্দ্র দখল ও বাধা দিলে বিরোধীদের চোখ তুলে ফেলার হুমকি দিয়েছেন দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ মিয়া।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী এক সমাবেশে তিনি এ হুমকি দেন।
মোশাররফ মিয়া বলেন, নৌকার পক্ষে আসনের সবগুলো ভোটকেন্দ্র দখল করা হবে এবং এতে বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে তাদের চোখ উপড়ে ফেলা হবে।
গতকাল মঙ্গলবার উপজেলা সদরে সুনামগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেন গুপ্তার সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে এই হুমকি দেন।
তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘বিএনপিকে কোনো সেন্টারে আধিপত্য বিস্তার করতে দেয়া যাবে না, ওদের প্রত্যেকটি সেন্টার আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কোনো সেন্টার বিএনপিকে দেয়া যাবে না । এতে বিএনপির কোনো কর্মী, কোনো নেতা যদি চোখ রাঙায় তাহলে তার চোখ তুলে দেবে।’
পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশারফ মিয়ার এ বিতর্কিত বক্তব্য নিয়ে আলোচনা পড়ে গেছে সর্বত্র। উঠেছে সমালোচনার ঝড়।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, অভিযোগ সম্পর্কে জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।