নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা সফর করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী মাদরাসায় পৌঁছান। পরে মাদরাসার মেহমানখানায় হেফাজত আমিরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম কায়সার লিংকন বলেন, দীর্ঘদিন ধরেই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল তাঁর। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হেফাজত আমিরের কাছে দোয়া নিতে তিনি ফটিকছড়িতে এসেছেন।
তিনি বলেন, ‘জ্ঞানী ও ইলমি ব্যক্তিদের কাছে গিয়ে দোয়া নিতে হয়। তাঁদের সমালোচনাকে আমরা পরামর্শ হিসেবে দেখি। সেই পরামর্শ নিয়ে আমরা পথ চলতে চাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মুসলমানদের বড় একটি অংশ হানাফি মাজহাবের অনুসারী। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ নিয়ে কাজ করা হবে।
রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে ধর্ম ব্যবহারের অনেক নজির রয়েছে। এ ক্ষেত্রে হেফাজত আমির সজাগ, সচেতন ও সতর্ক থেকে ইতিবাচক ভূমিকা পালন করছেন। কোরআন ও সুন্নাহর আলোকে ধর্মের অপব্যবহার নিরুৎসাহিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তবে মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকে কী কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আইও/