ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। একই সঙ্গে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচিতেও কোনো বাধা না দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হয়।
এর ফলে আজ বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজন নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির অবসান হয়।
এর আগে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ না করলে এনসিপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন বিক্ষুব্ধরা।
পরিস্থিতির মধ্যে শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠানস্থলের সামনে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।
তবে শনিবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে বক্তব্যের পেছনের প্রেক্ষাপটও ব্যাখ্যা করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।’
তবে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
তিনি বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা ওইভাবে অনুমতি দিতে পারি না। কারণ শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।’
ফলে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ কর্মসূচি প্রত্যাহার করলেও শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠান আয়োজন নিয়ে প্রশাসনের অবস্থানই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আইও/