আওয়ার ইসলাম: বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাটোর-২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শেরেবাংলা নগর থানার একটি মামলায় মঙ্গলবার গভীররাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, শেরেবাংলা নগর থানায় দুলুর বিরুদ্ধে একটি নাশকতার মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতারের জন্য আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
ফৌজদারি মামলায় দণ্ড থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর দুলুর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করলে ৬ ডিসেম্বর তা খারিজ হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দুলু। তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল (১১ ডিসেম্বর) আবেদন করে নির্বাচন কমিশন।
এর আগে গত সোমবার (১০ ডিসেম্বর) রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। তার মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কার্যকারিতাও স্থগিত করা হয়। এ অবস্থায় দুলুর নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী।
কেপি