আওয়ার ইসলাম: যুগশ্রেষ্ঠ মনীষী ও দাঈ তুরস্কের শায়খ বদিউজ্জামান নূরসী রহ. এর বর্ণাঢ্য জীবন ও কর্মভিত্তিক আন্তর্জাতিক সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ ফেলো ও শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।
শুভেচ্ছা বক্তব্যে মাওলানা ফারুকী বলেন, শায়খ বদিউজ্জামান সাঈদ নূরসী রহ. ছিলেন যুগশ্রেষ্ঠ মনীষী ও সংগ্রামী সাধক। তাঁর কথাগুলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে পৃথিবীতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। আজকের এ সম্মেলন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমাদের ধারনা।
গত ২৮ ও ২৯ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নূরসী সম্মেলন।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার থিওলজি বিভাগ এবং তুরস্কের ইস্তাম্বুল সায়েন্স এন্ড কালচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিলো ‘গ্লোবাল পীস এন্ড হারমোনি: দ্য রিসালায়ে নূর পার্সপেক্টিভ’। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ, ভারত, তুরস্ক, সৌদি আরব, মালয়েশিয়া, ইরাক, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশের স্কলার, ডেলিগেট ও প্রতিনিধিবৃন্দ।
সম্মেলন উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ইবির প্রো-ভিসি প্রফেসর ড. এম শাহিনুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি জনাব শামীম মোহাম্মদ আফজাল, তুরস্কের উসকুদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলপারসলান আচিকগেনচ।
উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ইবির প্রফেসর ড. আ.ফ.ম আকবার হুসাইন, সম্মেলন বাস্তবায়ন কমিটির সেক্রেটারী জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মাহমূদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও স্কলার প্রমুখ।
আরআর