শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


রমজানে অনুষ্ঠান নিষেধাজ্ঞা বিষয়ে যে ব্যাখ্যা দিল ঢাবি কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘প্রোডাক্টিভ রমজান’ জাতীয় অনুষ্ঠানের অনুমতি না দেয়া নিয়ে সমালোচনার মুখে এবার আরেকটি বিবৃতি দিলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টির ব্যাখ্যা দেয় ঢাবি প্রশাসন।      

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো রমজানে শান্তিপূর্ণ ও ইতিবাচক অনুষ্ঠান আয়োজনে কোনো নিষেধাজ্ঞা দেয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানের আলোচনা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রক্টর অফিস থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে রমজানের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা শব্দটি কোথাও উল্লেখ নেই।