নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সরকারি আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
তিনি বলেন, মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া আশ্বাসের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, স্বাধীনতার এত বছর পরও টিসিবির স্বল্পমূল্যের পণ্য সংগ্রহের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষা ও ভিড় দেশের দারিদ্র্য বাস্তবতার একটি বেদনাদায়ক চিত্র তুলে ধরে। তিনি মন্তব্য করেন, রাষ্ট্র এখনো সব নাগরিকের জন্য নিরাপদ ও পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে পারেনি। পুষ্টিকর খাদ্য তো দূরের কথা, অনেক মানুষকে ন্যূনতম খাদ্য সংগ্রহের জন্যও সংগ্রাম করতে হচ্ছে। স্বল্পমূল্যের খাদ্য সংগ্রহ করতে গিয়ে মানুষের মৃত্যুর ঘটনা রাষ্ট্রের সামষ্টিক ব্যর্থতার প্রতীক হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্মিত একটি দেয়াল ভেঙে পড়া নির্মাণকাজের মান ও সম্ভাব্য অনিয়ম নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন যে তদন্ত কমিটি গঠন করেছে, তার প্রতিবেদন প্রকাশ এবং সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এসএইচ/