সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত ছাত্র মজলিস। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সচেতন মহলের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
শুক্রবার (১২ জুন) বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি ও প্রতিবাদ তুলে ধরেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মুফতি মাহবুবুল হক বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ নিশ্চিত করতে যুগোপযোগী ও জনআকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও জ্ঞানভিত্তিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তোলা। এ ক্ষেত্রে জাতীয় মূল্যবোধ ও জনআকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষানীতি প্রণয়নের দাবি জানান তারা।
বিক্ষোভ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি পৌঁছে দেন। বক্তারা আশা প্রকাশ করেন, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
জেডএম/
