আওয়ার ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্য আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনোও নিখোঁজ রয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
এর আগে বুধবার রাত ৯টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে ২৭ থেকে ৩০ জন যাত্রী ছিল। বৈরি আবহাওয়ার কারণে রাত ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে নিখোঁজ আরও ছয়জনের সন্ধান পাওয়া গেছে। ওই ছয়জন নদীতে ভাসতে ভাসতে বিভিন্ন দ্বীপ ও চরে গিয়ে আশ্রয় নেন।
-এএ