মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮


‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি, ভোলা: 

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দেশ বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, নৈতিক অবক্ষয় ও জনদুর্ভোগের এক কঠিন সময় অতিক্রম করছে। এ পরিস্থিতিতে আলেম-উলামাদের কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং রাষ্ট্র, সমাজ ও সমসাময়িক রাজনীতি সম্পর্কে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা মাকছুদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ইসলামের ন্যায়বিচার, মানবিকতা ও জবাবদিহিতার আদর্শ প্রতিষ্ঠায় আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা সময়ের অন্যতম দাবি। এজন্য আলেম-উলামা ও ইসলামী আন্দোলনের কর্মীদের জনগণের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শভিত্তিক রাজনীতির বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা, দক্ষতা ও ঐক্যই একটি সফল ইসলামী আন্দোলনের প্রধান শক্তি।

সভায় জেলার চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক সম্প্রসারণ এবং দায়িত্বশীলদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা আব্দুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা কামালুদ্দীন, খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুফতি সাখাওয়াতুল্লাহ আমীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ