আওয়ার ইসলাম ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তপ্ত সাতক্ষীরার শ্যামনগর।
বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগর বাজার থেকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয় এলাকার মানুষ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মিছিলটি শ্যামনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীদের অনেকের হাতে গাজী নজরুল ইসলামের ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছিলেন।
মিছিলে অংশ নেওয়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েকজন বলেন, আমাদের কাছ থেকে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে। আমরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা চাই।
মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা বলেন, আমরা নারীদের নিরাপত্তা চাই। বড় বড় কথা বললেই হবে না, নারীদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তনের আশায় ভোট দিয়েছিল, কিন্তু আজ তারা প্রতারিত বোধ করছে। আমরা নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা চাই। শ্যামনগরে আমরা গাজী নজরুলকেঅবাঞ্চিত ঘোষণা করছি। মাননীয় স্পিকারের কাছে অনুরোধ লম্পট এই গাজী নজরুলকে সংসদ সদস্যের পদ থেকে বহিষ্কার করবেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যরা।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইও/