নিজস্ব প্রতিবেদক
আজমতে সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিবের দায়িত্ব থেকে মুফতি আলী হাসান উসামাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা আবু সাঈদ নোমানকে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির আল্লামা খুরশিদ আলম কাসেমী।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মুফতি আলী হাসান উসামাকে মহাসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মাওলানা আবু সাঈদ নোমানকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব অর্পণ করা হয়। তবে অব্যাহতির কারণ সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এছাড়া দেশব্যাপী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
মাওলানা আবু সাঈদ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি শারাফত হোসেন, নায়েবে আমির মুফতি মাহফুজুর রহমান (ধামরাই), যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা শেখ আবু হানিফ, মুফতি তানভীর আহমদ সিদ্দীকি, সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত হোসেন, যোবায়ের রাহমানী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, গণসংযোগ ও প্রকাশনা সম্পাদক মাওলানা শরীফুজ্জামান জসীম, বায়তুলমাল সম্পাদক মাহমুদ বিন খুরশিদ কাসেমী এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাজমুল ইসলাম শাকিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, মুফতি আলী হাসান উসামা গত নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। যেহেতু দলটি ইসমতে আম্বিয়ার বিরোধী এবং সাহাবায়ে কেরামের সমালোচনায় মুখর এজন্য আলী হাসান উসামাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আইও/