নিজস্ব প্রতিবেদক
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ১৪৪৪ হিজরি/২০২৩ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষের সকল মারহালার সনদ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার (৫ জুলাই) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা বিভাগ ও সনদ শাখার অক্লান্ত পরিশ্রমে নানা কারণে ঝুলে থাকা পূর্বের সনদগুলো হালনাগাদ করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সনদ বিতরণের প্রক্রিয়া:
প্রথম ধাপ: বর্তমানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন মাদরাসাগুলোতে সনদ বিতরণ করা হচ্ছে।
পরবর্তী ধাপ: প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের মাদরাসাগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণ পদ্ধতি: প্রায় ৫০ বছরের পুরোনো রীতি অনুযায়ী, বেফাকের প্রতিনিধিরা সংশ্লিষ্ট মাদরাসায় সরাসরি গিয়ে সনদসমূহ পৌঁছে দেবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৪৪৩ হিজরি/২০২২ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষ পর্যন্ত পূর্ববর্তী সকল সনদ বিতরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ মাদরাসা থেকে দ্রুত তাদের সনদ সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
/আইও