নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর খিলগাঁও ও খিলক্ষেতে পৃথক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে কাউন্সিল সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (৪ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণের অধীন খিলগাঁও থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী ৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য মহানগর দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম, সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিন ইয়ামিনসহ থানা ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মুফতি মাহবুবুল আলম বলেন, সদস্য সম্মেলন ও কাউন্সিল সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। এজন্য থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, প্রতিনিধি উপস্থিতি নিশ্চিতকরণ, প্রচার-প্রচারণা এবং সার্বিক ব্যবস্থাপনা সুসংগঠিত করার নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে একই দিন খিলক্ষেতের আ. মালেক মাতব্বর মাদরাসা মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের অধীন খিলক্ষেত থানা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য মহানগর উত্তর কাউন্সিল সফল করতে দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী। বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী। এছাড়া কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা শহীদুল্লাহ এবং যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, নতুন কমিটি গঠন এবং কাউন্সিলে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে সভায় সর্বসম্মতিক্রমে খিলক্ষেত থানা শাখার ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়। এতে মাওলানা নূরুল ইসলাম কাসেমীকে সভাপতি, মাওলানা হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা ওয়ায়েজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
দুই সভাতেই নেতৃবৃন্দ বলেন, আসন্ন মহানগর উত্তর ও দক্ষিণের কাউন্সিলকে সফল করতে সাংগঠনিক প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হবে না। এজন্য তৃণমূল পর্যায়ে সমন্বিত উদ্যোগ, দায়িত্ব বণ্টন এবং নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
/আইও