মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮


কাবা চত্বরে বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

তীব্র গরমে হজযাত্রীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে মক্কায় বসানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শীতাতপ যন্ত্র (এসি)। এর সার্বিক ক্ষমতা ১ লাখ ৫৫ হাজার টন।

এই এসি বসানোর এবং এর তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে সৌদি সরকারের সংস্থা, দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস, যারা কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই বৃহত্তম শীতাতপ যন্ত্রের দুটি ইউনিট রয়েছে। প্রথমটির ক্ষমতা ১ লাখ ২০ হাজার টন এবং দ্বিতীয়টির ৩৫ হাজার টন। এগুলি যথাক্রমে কাবা চত্বরের শামিয়া ও আজিয়াদ স্টেশনে স্থাপন করা হবে, যেখানে হজযাত্রীদের ভিড় বেশি থাকে।

উল্লেখ্য, সৌদি আরবের মরুময় পরিবেশে বর্তমানে গ্রীষ্মকাল চলছে এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠছে প্রতিদিন। গত কয়েক দিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজের সময় এই শীতাতপ যন্ত্র ২৪ ঘণ্টা চালু থাকবে। এর মূল উদ্দেশ্য কাবা চত্বরের ছাদযুক্ত এলাকাগুলোর তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা। এছাড়া, এসিটি শুধু শীতল বাতাসই উৎপন্ন করবে না, বরং বাতাসের ৯৫ শতাংশ জীবাণুমুক্ত করতেও সক্ষম। এর ফলে, হজযাত্রীরা কাবায় অবস্থানকালে তীব্র গরমের হাত থেকে মুক্তি পাবেন।

ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার ফরজ। এ কারণে প্রতি বছর লাখ লাখ মুসলিম বিভিন্ন দেশ থেকে মক্কায় হাজির হন।

এ বছরের হজ শুরু হচ্ছে আগামী ৪ জুন। সৌদি সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন।

সূত্র: গালফ নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ