ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের বার্ষিক অর্থনৈতিক সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) স্থগিত করা হয়েছে। একইসঙ্গে রাজধানী রিয়াদে হামলা বৃদ্ধি পাওয়ায় সরকারি ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রগুলোর কর্মচারীদের অফিসে না এসে বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি সরকারের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের ড্যাভোস ফোরামের আদলে অনানুষ্ঠানিকভাবে ‘ডেভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত এই সম্মেলনটি আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মাহা বিনতে মিশারি আল সৌদ জানান, আমন্ত্রিত বিদেশি মেহমান, বক্তা ও বৈশ্বিক অংশীদারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই ১০ম বর্ষপূর্তির এই বড় আয়োজনটি আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবের জন্য এই সম্মেলনটি ছিল অত্যন্ত কৌশলগত।
মূলত অপরিশোধিত খনিজ তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রযুক্তি, পর্যটন ও ক্রীড়া খাতে শত শত কোটি ডলার বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করতেই যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই উদ্যোগ নিয়েছিলেন। এবারের সম্মেলনে গুগল, গোল্ডম্যান স্যাক্স এবং ব্ল্যাকরকের মতো বিশ্বখ্যাত শীর্ষ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে সম্মেলনটি হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় রিয়াদের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনায় বড় ধরণের ধাক্কা লাগলো।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে।
বিদ্রোহীরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র ও বেসামরিক আবাসিক এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন।
নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটায় রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোতে স্বাভাবিক কাজকর্ম স্থগিত ঘোষণা করা হয়েছে। আইএমএফ-এর আঞ্চলিক কার্যালয় অবস্থিত ৯৯ তলা বিশিষ্ট বিখ্যাত ‘কিংডম সেন্টার’ এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রধান কেন্দ্র ‘কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’-এর কর্মচারীদের কর্মস্থলে আসতে নিষেধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের নিজ নিজ বাড়ি থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
এসএইচ/