সাবেক ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট হারুন অর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের অসংখ্য স্মৃতি, অবদান ও কর্মময় অধ্যায় রেখে গেছেন।
হারুন অর রশীদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আইও