শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সরকার গঠনের চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম এই সফরে মালয়েশিয়া ও চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীকাল রোববার (২১ জুন) ছয় দিনের জন্য ঢাকা ছাড়বেন তিনি।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। 

সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত সূচি ও লক্ষ্য তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ ২৭ জন সদস্য।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল রোববার কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। পরদিন ২২ জুন (সোমবার) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তারেক রহমান। এরপর দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রসচিব জানান, এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।

বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী ও পেশাজীবী নিয়োগের বিষয়টি বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্থাপন করবে। এ ছাড়া আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়া এবং আঞ্চলিক অর্থনৈতিক জোট আরসিইপি-তে বাংলাদেশের যোগদানের বিষয়ে মালয়েশিয়ার জোরালো সমর্থন চাওয়া হবে।

সচিব জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আসিয়ানের সক্রিয় সহযোগিতা কামনা করবে বাংলাদেশ। সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার সুবিধার্থে ‘টার্মস অব রেফারেন্স’ বিনিময় হতে পারে। সফর শেষে মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন (মঙ্গলবার) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে পৌঁছাবেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ১৭তম বার্ষিক ‘সামার দাভোস’ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

তালিয়ানে অবস্থানকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জুইংগির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া তাজিকিস্তান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকার প্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

২৩ জুন বিকেলে প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের অবস্থান এবং বৈশ্বিক জলবায়ু অর্থায়ন নিয়ে তিনি কথা বলবেন বলে জানা গেছে। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে যোগ দেবেন তিনি।

২৪ জুন (বুধবার) সকালে তালিয়ানে সামার দাভোসের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী ট্রেনযোগে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই-এ অবস্থান করবেন তিনি।

২৫ জুন (বৃহস্পতিবার) সকালে চীনের মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অব সিপিসি সেক্টর কমিটি, পানিসম্পদ মন্ত্রী, সিআইটিআইসি চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।

বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সামগ্রিক সহযোগিতা নিয়ে আলোচনার পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হবে। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরের শেষ দিন ২৬ জুন (শুক্রবার) সকালে প্রধানমন্ত্রী তিয়ানআনমেন স্কয়ারে বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লি এবং বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনার পর ওই দিন বিকেলেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ