বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাজেট ঘোষণা হওয়ার পরেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ বিরোধী দলের কথা উল্লেখ করে বলেন, বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছেন। পরিকল্পনা না থাকলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি।
এর আগে বেলা ১১টায় তিনি বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সেখানে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আঞ্চলিক সমতার ভিত্তিতে পঞ্চগড়ের উন্নয়ন সাধিত হবে। বিশেষ করে আমার নির্বাচনী ইশতেহার মোতাবেক বোদা-দেবীগঞ্জ উপজেলাকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই দেবীগঞ্জ অর্থনৈতিক জোন পরিদর্শন, বোদা উপজেলায় মিনি স্টেডিয়াম, শহরকে সৌন্দর্য বর্ধন করতে রাস্তাঘাট সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিতকরণসহ যে সব শিল্প কারখানা বন্ধ হয়ে আছে সেগুলো চালু করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরে প্রতিমন্ত্রী মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ টন চাল ও পরিবারগুলোকে স্বাবলম্বী করতে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও বাঁধের সম্ভাব্য এলাকা যাচাই, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধনে অংশ নেন।
জেডএম/
