নিজস্ব প্রতিবেদক
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের রাজস্বখাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অর্থ ও হিসাব বিভাগ থেকে মহাপরিচালকের অনুমোদনক্রমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন এবং ইসলামিক মিশন হাসপাতালের রাজস্বখাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ফরম পূরণ করে জুন ২০২৬ মাসের বেতন বিবরণীসহ প্রয়োজনীয় তথ্যের হার্ডকপি আগামী ১৪ অক্টোবর (বুধবার) এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগে পাঠাতে বলা হয়েছে।
আদেশে পিআরএল গ্রহণকারী ও অবসরগামী কর্মকর্তা-কর্মচারীদের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭-এর মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারীর পিআরএল শেষ হবে, জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তাদের চূড়ান্ত পাওনা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে পরিশোধ করা হবে।
অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত এ নির্দেশনার স্মারক নম্বর—১৬.০১.০০০০.০০৩.৩১.০২৫.২৬.৮৯৭।
কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন সহজ করতে নির্দেশনার সঙ্গে দুটি নির্ধারিত ফরম ও দুটি পূরণ করা নমুনা কপি সংযুক্ত করা হয়েছে।
এদিকে নতুন বেতন স্কেল অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের বকেয়া বেতন-ভাতা হিসাবের ক্ষেত্রেও এ নির্দেশনা সহায়ক হবে। ১ম থেকে ৯ম গ্রেড এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত ফরম ও নমুনা অনুসরণ করে বকেয়া বেতন-ভাতার হিসাব করতে পারবেন।
আইও/