বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবিতে এ সমাবেশ আহ্বান করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এ সমাবেশের মাধ্যমে দলটি ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, মৌলিক রাজনৈতিক সংস্কার, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পুনর্বাসন, গণহত্যার বিচার নিশ্চিতকরণ, প্রবাসীদের ভোটাধিকার, এবং পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিগুলো উত্থাপন করবে।
বুধবার (২৫ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি’র এক বৈঠক অনুষ্ঠিত হয়।