মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার অধিকার কাউকে জনগণ দেয়নি। হিজাব, নিকাব ও বোরকা মুসলিম নারীদের ধর্মীয় বিধান এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও মর্যাদাবোধের অবিচ্ছেদ্য অংশ।

সোমবার (১৫ জুন) রাতে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা শাখার উদ্যোগে আয়োজিত থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারীদের পোশাক নিয়ে করা মন্তব্য অনভিপ্রেত ও অসম্মানজনক। একজন জনপ্রতিনিধির মুখ থেকে এ ধরনের বিদ্রূপাত্মক বক্তব্য দায়িত্বশীল আচরণের পরিপন্থী। ধর্মীয় পোশাককে উপহাসের বিষয় বানানো সভ্য ও শালীন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, এর আগেও একই দলের একজন নারী সংসদ সদস্য জাকাত প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে ধর্মীয় অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিলেন। ইসলামের বিধান নিয়ে ধারাবাহিকভাবে বিতর্কিত মন্তব্য ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষের অনুভূতিতে আঘাত হানে।

প্রাথমিক শিক্ষায় নৃত্য ও গানের শিক্ষক নিয়োগের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা-চেতনার বাইরে গিয়ে বিদেশি প্রভাবের ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তিনি এ সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষকের নিয়োগ দেওয়ার দাবি জানান এবং অন্যথায় দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দেন।

পল্টন থানা সভাপতি আলহাজ কবির হোসেন খোকনের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়েজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মুফতি কেফায়েতুল্লাহ কাশফী এবং ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন।

এছাড়া সভায় বক্তব্য রাখেন পল্টন থানা বায়তুল মাল সম্পাদক আলহাজ মমিনুল হোসাইন, মুহাম্মদ মোশাররফ হোসেন, শ্রমিকনেতা মোহাম্মদ মহারাজ ফরাজী, যুবনেতা আকাশ হাওলাদার ও ছাত্রনেতা মুহাম্মদ সিফাতুল্লাহ বিন হাবিব।

সভায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পল্টন থানা শাখার দুটি পদে পরিবর্তন আনা হয়। এতে মাওলানা ফয়েজ আহমদকে সেক্রেটারি এবং মাওলানা আমির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ