বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। অথচ বিভিন্ন দেশে কর্মরত অনেক প্রবাসী হয়রানি, আইনি জটিলতা, বেতনবঞ্চনা, কর্মক্ষেত্রে নির্যাতন ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও দায়িত্বশীল কর্তব্য।

তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যম নন; তাঁরা দেশের সম্মানিত নাগরিক। তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব। কোনো প্রবাসী বিদেশের মাটিতে বিপদে পড়লে কিংবা অন্যায়ের শিকার হলে তাঁর পাশে দাঁড়াতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে আরও তৎপর হতে হবে এবং প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির বলেন, বিদেশে বাংলাদেশিদের সঙ্গে অন্যায় আচরণ, হয়রানি কিংবা গুরুতর আইনি জটিলতার ঘটনা ঘটলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কার্যকর সমাধানের উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে প্রবাসীদের অভিযোগ গ্রহণ, দ্রুত সহায়তা প্রদান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, প্রবাসীদের কল্যাণ ও অধিকার রক্ষায় সরকারকে আরও আন্তরিক ও সক্রিয় হতে হবে। তাঁদের বিপদে পাশে দাঁড়ানো এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্রের প্রতি তাঁদের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করা সম্ভব।

বিবৃতির শেষাংশে তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে আরও কার্যকর, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ