দখলদার ইসরায়েলের সঙ্গে দীর্ঘকালীন যুদ্ধবিরতিতে আগ্রহ দেখিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা পাঁচ বছরের যুদ্ধবিরতির বদলে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছে।
বার্তাসংস্থা এএফপিকে নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, “পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য হামাস একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত।” আজ শনিবার (২৬ এপ্রিল) মিসরের রাজধানী কায়রোতে হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির আলোচনা করতে যাচ্ছে। সেখানে মধ্যস্থতাকারীদের নিজেদের প্রস্তাবের কথা জানাবে তারা।
দুই সপ্তাহ আগে দখলদার ইসরায়েল হামাসকে ৪৫ দিনের একটি আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তারা জানায়, এর বিনিময়ে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে। তবে গত ১৭ এপ্রিল ইসরায়েলি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস।