আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী আয়োজন গত ১৯ জুলাই আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
গত ১৭ জুলাই শুরু হওয়া এই মাহফিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রখ্যাত আলেম-উলামা, মাশায়েখ, হাফেজ, ক্বারী, ইসলামি বক্তা এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন। তাঁদের হৃদয়গ্রাহী কুরআন তিলাওয়াত, ইসলামি আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে পুরো মাহফিল ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কিরাত প্রতিযোগিতা। এতে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা ১০ জন প্রতিযোগীকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশের আবহ সৃষ্টি হয়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও কমিউনিটির সদস্যদের ব্যাপক উপস্থিতিতে মাহফিলটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায়। পাশাপাশি বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার ও নাস্তার বিভিন্ন স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম-উলামা, অতিথি ও কমিউনিটির সদস্যরা বলেন, এ ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ইসলামী দাওয়াহ, ধর্মীয় শিক্ষা এবং প্রবাসী বাংলাদেশি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের বৃহৎ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকদের ভাষ্য, ধর্মীয় শিক্ষা ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ইসলামের সুমহান আদর্শ ও মূল্যবোধ পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তিন দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সহযোগিতাকারী ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
