শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মওদুদীর বক্তব্য নিয়ে প্রকাশ্য বিতর্কে বসতে প্রস্তুত মুফতি ফরায়েজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর বক্তব্য নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অনুসারীদের সঙ্গে প্রকাশ্য আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামি স্কলার মুফতি লুৎফর রহমান ফরায়েজী। রাজধানীর তামীরুল মিল্লাত মাদরাসার যাত্রাবাড়ী শাখায় এ আলোচনা আয়োজনের প্রস্তাব পেয়ে তিনি সম্মতি দিয়েছেন বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন।

জামিয়াতুস সুন্নাহ, ঢাকা এবং জামিয়া ইসলামিয়া দারুল হক, হাজারীবাগের প্রধান মুফতি লুৎফুর রহমান ফরায়েজী ফেসবুক পোস্টে ফরায়েজী জানান, তামীরুল মিল্লাত মাদরাসার যাত্রাবাড়ী শাখার পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে তাঁর আপত্তিগুলো নিয়ে আলোচনা আয়োজন করা হলে তিনি অংশ নেবেন কি না, জানতে চান। জবাবে তিনি আলোচনায় বসতে সম্মতি জানান এবং আয়োজনের তারিখ ও সময় জানাতে বলেন।

আলোচনার মূল বিষয় হিসেবে মওদূদীর রচনায় সাহাবায়ে কেরাম (রা.) সম্পর্কে উত্থাপিত বক্তব্য ও অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করেন ফরায়েজী। তাঁর দাবি, মওদূদী সাহাবিদের সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন, যেগুলো আপত্তিকর ও অসত্য। আলোচনায় এসব বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরতে এবং দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করতে চান তিনি।

ফেসবুক পোস্টে আলোচনার আয়োজন ও পরিচালনা নিয়ে কয়েকটি শর্ত উল্লেখ করেছেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী। তাঁর শর্ত অনুযায়ী, তামীরুল মিল্লাত মাদরাসার প্রিন্সিপালকে সরাসরি ফোন করে আলোচনার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং একাধিক ক্যামেরায় ধারণের ব্যবস্থা রাখতে হবে।

ফরায়েজী নিজে আলোচক হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন। আয়োজক পক্ষ সম্মত হলে তাঁর সঙ্গে আরও কয়েকজন আলোচক অংশ নিতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি। অপর পক্ষ নিজেদের পছন্দ অনুযায়ী আলোচক নির্বাচন করতে পারবে। তবে উভয় পক্ষকে সমান সময় বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

আলোচনার স্থান হিসেবে তামীরুল মিল্লাত মাদরাসাকে নির্ধারণ করা হলে অংশগ্রহণকারীদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিতে হবে বলেও উল্লেখ করেন ফরায়েজী।

আলোচনায় নিজের বক্তব্য প্রমাণ করতে না পারলে উত্থাপিত অভিযোগের বিষয়ে তওবা করবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, নিজের দাবি প্রমাণিত হলে অপর পক্ষকে মওদূদী সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

পোস্টের শেষাংশে তামীরুল মিল্লাত মাদরাসার প্রিন্সিপাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনার তারিখ ও সময় ঘোষণার আহ্বান জানান মুফতি লুৎফর রহমান ফরায়েজী। তিনি জানান, আলোচনায় অংশ নিতে তাঁরা প্রস্তুত।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ