রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮


গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০০ তরুণ কুরআনের হাফেজকে সম্মাননা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পবিত্র কুরআন মুখস্থ করার প্রচেষ্টার স্বীকৃতি এবং তাদের শিক্ষা ও ধর্মীয় চর্চা অব্যাহত রাখতে উৎসাহিত করার লক্ষ্যে সম্প্রতি আমিরাতের মানবিক সহায়তা কর্মসূচি ‘অপারেশন শিভ্যালরাস নাইট-৩’–এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, যুদ্ধবিধ্বস্ত গাজার কঠিন বাস্তবতায় শিশু-কিশোরদের পাশে দাঁড়ানো এবং তাদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও নৈতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ‘অপারেশন শিভ্যালরাস নাইট-৩’-এর মানবিক ও সামাজিক কর্মসূচির অংশ।

অনুষ্ঠানে হাজারো অভিভাবক ও পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন কুরআনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ওয়াকফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়, ইকরা অ্যাসোসিয়েশন, দারুল কুরআন আল-করিম, দারুল ইতকান, ইয়ং মুসলিম উইমেন অ্যাসোসিয়েশন, আল-সাফা একাডেমি এবং আল-সাহাবা অ্যাসোসিয়েশন।

গর্ব ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, ধর্মীয় সংগীত পরিবেশনা এবং মেধাবী শিশু ও কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ আয়োজন শিশুদের দৃঢ়সংকল্প, অধ্যবসায় এবং ইসলামি মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সম্মানিত শিশুদের উপহার ও আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি তাদের পবিত্র কুরআন মুখস্থ করার ধারা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে আরও উৎসাহিত করতে শুভকামনা জানানো হয়।

আয়োজকদের ভাষ্য, গাজার কনিষ্ঠ প্রজন্মের জন্য আশা, প্রেরণা ও যত্নের পরিবেশ তৈরি করতে এবং তাদের শিক্ষা ও ধর্মীয় বিকাশে সহায়তা করতেই এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ