আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের বলটনের স্বেচ্ছাসেবী কর্মী খাদিজা প্যাটেল তরুণদের উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড লাভ করেছেন। তবে নিকাব পরিহিত অবস্থায় পুরস্কার গ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সমালোচনার জবাবে খাদিজা প্যাটেল বলেন, একজন মানুষের মূল্যায়ন তার পোশাক দিয়ে নয়, বরং তার কাজ ও সমাজের প্রতি অবদান দিয়ে করা উচিত। তিনি বলেন, নিকাব পরিধান তার সমাজসেবামূলক কাজ বা মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতায় কোনো বাধা সৃষ্টি করেনি।
খাদিজা আরও বলেন, নিজের ধর্মীয় বিশ্বাস অনুসরণ করেই তিনি সমাজের তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখতে চান।
এদিকে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ডের পৃষ্ঠপোষক লর্ড মোট খাদিজা প্যাটেলের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি তার নিষ্ঠা ও জনসেবার প্রতি অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করে প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানান।
খাদিজা প্যাটেলের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার সমাজসেবামূলক অবদানের স্বীকৃতি দিয়েছেন এবং ব্যক্তির পোশাকের পরিবর্তে তার কর্মকে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।
সূত্র: ইসলামিক ইনফরমেশন