রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮


উত্তরাখণ্ডে ২০ মাদরাসার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, ১৭টি সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডে অনুমোদন ও নির্ধারিত শিক্ষার মানদণ্ড না মানার অভিযোগে ২০টি মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। এর মধ্যে ১৭টি মাদরাসা ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। বাকি তিনটির কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।

প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ড প্রশাসনের অভিযান রাজধানী দেহরাদুনের পাশাপাশি হালদোয়ানিতেও সম্প্রসারিত হয়েছে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানিয়েছেন, প্রশাসনের যাচাইয়ে মাদরাসাগুলোর অনুমোদন ও শিক্ষাব্যবস্থা নিয়ে বিভিন্ন অনিয়মের বিষয় উঠে এসেছে।

রাজ্য সরকার জানিয়েছে, অনুমোদন ও নির্ধারিত আইন মেনে পরিচালিত না হলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসনকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, সরকারি আইন ও স্বীকৃতির বাইরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হতে দেওয়া হবে না।

সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য রাজ্যে নতুন ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানিয়েছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাব্যবস্থায় নির্ধারিত মানদণ্ড প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী ধামি বলেন, শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। যারা সরকারি আইন ও নির্দেশনা মেনে চলবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যে মাদরাসা শিক্ষা ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: দ্য স্টেটসম্যান

আইও/


সম্পর্কিত খবর