|| নাজমুল হুদা মজনু ||
পথ হারিয়ে পথ মিলে যে তোমার ইশারায়
কতই অন্ধ তোমার দয়ায় দৃষ্টি ফিরে পায়।
মনের আঁধার কোণেতে আলো দিলে তুমি,
ডুবতে গিয়ে তরী আমার পেল নতুন ভূমি।
তোমার নামের সুর ওঠে শরৎ বাতাস ছন্দে
জাগে হৃদয় ভোরবাগানে শিউলির সুগন্ধে।
বিশ্বময় অবিরত ফোটে হরেক রঙের ফুল
তরঙ্গ তুলে স্বপ্ন দেখে জীবন নদীর কূল।
অফুরান তোমার দান, নেই কোনো যে শেষ,
তোমার জিকির মুছে ফেলে অন্তরের ক্লেশ।
কত অপরাধী ক্ষমা পেল তোমার দয়ার দানে,
পাপী হৃদয় শুধরে যায় তোমারই গুণ গানে।
জীবন মরুর তৃষ্ণা মিটে যে তোমার রহমতে,
দয়া করে তুমি সচল রেখো সত্য সরল পথে।
আমায় তুমি রাখো সতেজ তোমারই ছায়ায়,
জীবন যেন কাটে মাবুদ তোমার মুগ্ধ মায়ায়।
আইও/