মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম তরুণদের নিজেদের রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, মুসলিমরা আর অন্যদের নেতা তৈরিতে ভূমিকা রাখতে চায় না; বরং নিজেদের মধ্য থেকেই নেতৃত্ব গড়ে তুলতে চায়। এ সময় নেহেরু-গান্ধী ও যাদব পরিবারের রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেন তিনি। তাঁর এ বক্তব্যে কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের রামপুরে এক জনসভায় ওয়াইসি বলেন, ‘আমরা আর কোনো নেহেরু, গান্ধী বা যাদবকে আমাদের নেতা বানাব না। আমাদের সারিতে দাঁড়িয়ে থাকা তরুণ-তরুণীরাই নেতা হবে।’

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক দলগুলো মুসলিমদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু মুসলিম তরুণদের নিজস্ব নেতৃত্ব গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ দেয়নি। তাঁর মতে, মুসলিম তরুণদের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার যথেষ্ট মেধা ও সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় সুযোগ ও প্ল্যাটফর্মের অভাব রয়েছে।

ওয়াইসি বলেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চায় এআইএমআইএম। একই সঙ্গে বঞ্চিত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়াও দলের লক্ষ্য।

মুসলিমদের রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুসলিমরা আর অন্যের জন্য নেতা তৈরি করতে চায় না; নিজেরাই নেতা হতে চায়। আমরা আর অন্যের সভার কার্পেট পাততে চাই না; নিজেদের প্রাপ্য অধিকার ও রাজনৈতিক ভাগ নিয়ে কথা বলতে চাই।’

জনসভায় সমাজবাদী পার্টি (এসপি) ও দলটির প্রধান অখিলেশ যাদবের সমালোচনা করেন ওয়াইসি। তাঁর অভিযোগ, প্রজন্মের পর প্রজন্ম মুসলিমরা সমাজবাদী পার্টিকে সমর্থন দিয়ে এলেও শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

আজমগড়ের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, শিবলি কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এখনো কেন বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়নি। অন্যদিকে, যাদব পরিবারের নির্বাচনী এলাকা সাফাইয়ে শিক্ষা ও ক্রীড়াবিষয়ক অবকাঠামো গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা আজমগড়কে আসলে কী দিয়েছেন?’

ওয়াইসি আরও বলেন, মুসলিমদের মধ্য থেকেও নেতা, বিধায়ক ও সংসদ সদস্য তৈরি হওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আবদুল নেতা হবে, বিধায়ক হবে, সংসদ সদস্য হবে।’

ওয়াইসির বক্তব্যের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি ও কংগ্রেসের নেতারা। সমাজবাদী পার্টির মুখপাত্র আব্বাস হায়দার বলেন, ওয়াইসি দেশের যেকোনো জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে উত্তর প্রদেশের ভোটাররা রাজনৈতিকভাবে সচেতন এবং রাজ্যের জন্য কোনটি ভালো, তা নির্ধারণ করতে সক্ষম।

তিনি ওয়াইসির বিরুদ্ধে বিভাজনমূলক রাজনৈতিক কর্মসূচি অনুসরণের অভিযোগ তুলে বলেন, উত্তর প্রদেশের মানুষ এমন নেতৃত্ব চায়, যা সমাজকে ঐক্যবদ্ধ করবে; বিভক্ত করবে না। তাঁর দাবি, অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত ও সংখ্যালঘুদের অধিকার, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান ও সাংবিধানিক অধিকার নিয়ে কাজ করছে। সূত্র: ইউএনএ নিউজ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ