যুক্তরাজ্যে শক্তিশালী ঝড় বোয়েলোর প্রভাবে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রোববার সন্ধ্যা পর্যন্ত দেশটির প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
নিহতদের একজন ৬০ বছর বয়সী স্কটিশ নাগরিক। স্কটল্যান্ডের ডামফ্রিস এলাকার ক্যাসল ডগলাসের কাছে একটি গাছ উপড়ে তাঁর ওপর পড়লে তিনি মারা যান। অন্যজন উত্তর লন্ডনের ২০ বছর বয়সী এক যুবক। তাঁর গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে মৃত্যু হয়। একই ধরনের দুর্ঘটনায় আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। সপ্তাহজুড়ে চলা ঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটারে পৌঁছায়। এতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত যুক্তরাজ্যজুড়ে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারান।
এদিকে, শনি ও রোববারের ভারী বর্ষণে স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা ওই অঞ্চলগুলোর গড় বার্ষিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশের সমান।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস জানিয়েছে, সপ্তাহের শুরুতেও আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও মঙ্গলবার নতুন একটি আবহাওয়াব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।
প্রবল বাতাসের আশঙ্কায় উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকার কথা।
বন্যার আশঙ্কা, ব্যাহত পরিবহন ব্যবস্থা
ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক সতর্কবার্তা জারি করেছে।
ইংল্যান্ডের পরিবেশ দপ্তর ১০টি এলাকায় বন্যার সতর্কতা এবং ৬৫টি এলাকায় বন্যার পূর্বসতর্কতা জারি করেছে। স্কটল্যান্ডের পরিবেশ সুরক্ষা সংস্থা ১০টি এলাকায় বন্যার সতর্কতা ও ১১টি এলাকায় পূর্বসতর্কতা দিয়েছে। অন্যদিকে, ওয়েলসের প্রাকৃতিক সম্পদবিষয়ক সংস্থা জানিয়েছে, সেখানে নয়টি এলাকায় বন্যার পূর্বসতর্কতা জারি করা হয়েছে।
ঝড়ের প্রভাবে পরিবহন ব্যবস্থাও ব্যাহত হয়েছে। বিশেষ করে স্কটল্যান্ডের রেল যোগাযোগে বিঘ্ন দেখা দিয়েছে। লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কয়েকটি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছে।
এ ছাড়া স্কটল্যান্ডের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়া, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রাখতে হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসএইচ/