বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


হজ : মানসিক, বুদ্ধিবৃত্তিক ও আত্মিক রূপান্তরের এক মহাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| ড. এম কুতুবউদ্দিন ||
হজ কেবল মক্কা ও মদিনার পবিত্র নগরীতে একটি শারীরিক সফরের নাম নয়। এটি মানবজাতির জন্য আল্লাহপ্রদত্ত সর্বশ্রেষ্ঠ আত্মিক প্রশিক্ষণ কর্মসূচিগুলোর একটি—একটি ঐশী প্রতিষ্ঠান, যা মানুষের দেহ, মন, বুদ্ধি, হৃদয় ও আত্মাকে পরিশুদ্ধ করার জন্য নির্ধারিত হয়েছে। হজের মাধ্যমে একজন মুমিন সাময়িকভাবে দুনিয়াবি ব্যস্ততা ও বিভ্রান্তি থেকে বের হয়ে বিনয়, ত্যাগ, সাম্য, আত্মসমালোচনা ও অন্তর্জাগরণের এক বিশেষ অবস্থায় প্রবেশ করেন।

প্রখ্যাত সুফি সাধক হজরত শায়েখ আলী হুজভেরী—যিনি ‘দাতা গঞ্জ বখশ’নামেও পরিচিত এবং অমর গ্রন্থ কাশফুল মাহজুব-এর রচয়িতা—তিনি জোর দিয়ে বলেছেন, অন্তরের পরিবর্তন ছাড়া ইবাদত পূর্ণতা লাভ করে না। তাঁর মতে, প্রকৃত আধ্যাত্মিকতা কেবল বাহ্যিক আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়; বরং তা নিহিত থাকে আন্তরিকতা, হৃদয়ের পরিশুদ্ধি, নফসের নিয়ন্ত্রণ এবং আল্লাহর নৈকট্য অর্জনের মধ্যে। হজ একসঙ্গে এই সব মাত্রাকে বাস্তবায়িত করে।
হজের মানসিক প্রভাব

আধুনিক মনোবিজ্ঞান স্বীকার করে যে, গভীর অভিজ্ঞতা মানুষের আচরণ, আবেগ ও দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দিতে পারে। হজ মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী সামষ্টিক মানসিক অভিজ্ঞতা।

বিশ্বের নানা জাতি, ভাষা, সংস্কৃতি ও সামাজিক অবস্থানের লাখো মানুষ একই ধরনের সাদা ইহরামের পোশাক পরে একত্রিত হন। রাজা ও শ্রমিক একই কাতারে দাঁড়ান। সম্পদ, পদমর্যাদা ও সামাজিক পরিচয় তখন অর্থহীন হয়ে যায়। এই পরিবেশ মানুষের ভেতরে গভীর মানসিক পরিবর্তন সৃষ্টি করে।

নফস বা অহংকারের বিনাশ
মানবজীবনের অধিকাংশ কষ্টের মূল কারণ অহংকার, লোভ, স্বার্থপরতা, হিংসা ও পার্থিব পরিচয়ের প্রতি অতিরিক্ত আসক্তি। হজ সরাসরি এই অহংবোধকে চ্যালেঞ্জ করে। হাজি বিলাসবহুল পোশাক ত্যাগ করে সাধারণ সাদা কাপড় পরিধান করেন, যা সাম্য, বিনয়, মৃত্যু এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তনের প্রতীক।

এই অভিজ্ঞতা মানুষকে স্মরণ করিয়ে দেয়—সে পৃথিবীতে খালি হাতে এসেছে এবং একদিন খালি হাতেই ফিরে যাবে। ফলে হৃদয় কোমল হয় এবং পদমর্যাদা ও বস্তুগত সফলতার প্রতি অন্ধ আসক্তি দুর্বল হয়ে পড়ে।

কাশফুল মাহজুব-এ হযরত শায়েখ আলী হুজভেরী উল্লেখ করেন, মানুষ ও আল্লাহর মাঝে সবচেয়ে বড় পর্দা হলো তার নিজের নফস। হজ সেই পর্দাগুলো সরিয়ে নিজের অন্তরের মুখোমুখি হওয়ার এক প্রক্রিয়া।

আবেগের পরিশুদ্ধি
হজের সময় হাজিরা কাঁদেন, তওবা করেন, অন্যকে ক্ষমা করেন এবং নিজেদের জীবন নিয়ে গভীরভাবে ভাবেন। বছরের পর বছর জমে থাকা মানসিক বোঝা অনেকের ভেতর থেকে দূর হতে শুরু করে। অনেকে অনুভব করেন প্রশান্তি, আত্মমুক্তি, কৃতজ্ঞতা ও জীবনের নতুন লক্ষ্য।
বিশেষ করে আরাফাতের ময়দানে অবস্থান এক গভীর আবেগীয় জাগরণ সৃষ্টি করে। হাজি যেন নিজেকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় অনুভব করেন। এতে বিনয়, আত্মসমালোচনা ও জবাবদিহিতার চেতনা জাগ্রত হয়।
মনোবিজ্ঞানের ভাষায়, হজ মানুষের আবেগীয় শুদ্ধি, নৈতিক পুনর্বিন্যাস এবং চিন্তার রূপান্তর ঘটায়।

ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা
প্রচণ্ড গরম, ভিড়, দীর্ঘ অপেক্ষা, শারীরিক ক্লান্তি ও সফরের কষ্ট মানুষকে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও সহনশীলতার শিক্ষা দেয়। যে ব্যক্তি সামান্য বিষয়েও উত্তেজিত হয়ে পড়তেন, তিনিও ধীরে ধীরে সংযম ও সহিষ্ণুতা অর্জন করেন।

কুরআনে হজের সময় ঝগড়া, গুনাহ ও অশোভন আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে হজ একজন মুমিনের জন্য মানসিক ও আত্মিক প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হয়।
হজের বুদ্ধিবৃত্তিক প্রভাব
হজ মানুষের চিন্তা ও বিশ্বদৃষ্টিকেও পরিবর্তন করে।

মানবজাতির সার্বজনীন ভ্রাতৃত্ব
যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হন, তখন হাজি মানবজাতির ঐক্যকে প্রত্যক্ষ করেন। এতে বর্ণবাদ, গোত্রবাদ, জাতীয়তাবাদ ও শ্রেষ্ঠত্ববোধ ভেঙে যায়।
মানুষ উপলব্ধি করে—সমস্ত মানবজাতি একই স্রষ্টার অধীনে এক পরিবার। হযরত শায়েখ আলী হুজভেরী শিক্ষা দিয়েছেন, প্রকৃত আধ্যাত্মিকতা মানুষকে অহংকারী নয়; বরং মানবপ্রেমী ও সহানুভূতিশীল করে তোলে।

পবিত্র ইতিহাসের সঙ্গে সংযোগ
হজের প্রতিটি আনুষ্ঠানিকতা জড়িয়ে আছে হযরত ইবরাহিম আলাইহিস সালাম, হযরত হাজেরা আলাইহাস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনের সঙ্গে।

সাফা-মারওয়ার সাঈ ধৈর্য ও আশার শিক্ষা দেয়। কোরবানি আল্লাহর প্রতি আত্মসমর্পণের প্রতীক। শয়তানকে পাথর নিক্ষেপ মন্দ প্রবৃত্তি ও প্রলোভনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। এভাবে হজ ইতিহাসকে জীবন্ত নৈতিক শিক্ষায় রূপান্তরিত করে।

উচ্চতর চেতনার জাগরণ
আধুনিক সভ্যতা মানুষকে বস্তুবাদ, প্রতিযোগিতা ও বিভ্রান্তির মধ্যে আটকে ফেলে। হজ মানুষকে সাময়িকভাবে দুনিয়াবি মোহ থেকে বিচ্ছিন্ন করে এবং জীবনের মৌলিক প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায়—
আমি কেন সৃষ্টি হয়েছি?
জীবনের প্রকৃত উদ্দেশ্য কী?
আমি পৃথিবীতে কী উত্তরাধিকার রেখে যাব?
আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কতটা গভীর?
এই আত্মজিজ্ঞাসা মানুষকে কেবল বস্তুগত অস্তিত্ব থেকে তুলে আনে আত্মিক অর্থ ও নৈতিক দায়বদ্ধতার স্তরে।

হজের আত্মিক সত্তা
আত্মিকভাবে হজ হলো আত্মার আল্লাহর দিকে যাত্রা।
হযরত শায়েখ আলী হুজভেরী লিখেছেন, সত্যিকার সাধককে তার জিহ্বাকে মিথ্যা থেকে, হৃদয়কে বিদ্বেষ থেকে, মনকে অহংকার থেকে এবং আত্মাকে গাফিলতি থেকে পবিত্র করতে হবে। হজ একসঙ্গে এই সব দিকের প্রশিক্ষণ দেয়।
ইহরাম : সাম্যের পোশাক
ইহরাম পবিত্রতা, সরলতা, অহংকারমুক্তি এবং আল্লাহর সামনে উপস্থিত হওয়ার প্রস্তুতির প্রতীক। এটি কাফনের কাপড়ের কথা স্মরণ করিয়ে দেয়, যা মৃত্যু ও জবাবদিহিতার বাস্তবতাকে মানুষের সামনে  তুলে ধরে।
তাওয়াফ : আল্লাহকে কেন্দ্র করে জীবন
কাবাঘরকে কেন্দ্র করে বারবার তাওয়াফ করা প্রতীকীভাবে বোঝায়—মানুষের জীবনের কেন্দ্র হওয়া উচিত আল্লাহ এবং তাঁর নির্দেশনা; ব্যক্তিগত প্রবৃত্তি নয়।
হযরত শায়েখ আলী হুজভেরী বলেন, প্রকৃত কাবা হলো মুমিনের পরিশুদ্ধ হৃদয়। যদি হৃদয় অহংকার, হিংসা ও লোভে পূর্ণ থাকে, তবে কেবল বাহ্যিক ইবাদত পূর্ণতা পায় না।
সাঈ : আশার সংগ্রাম
সাফা ও মারওয়ার মধ্যকার দৌড় হযরত হাজেরা আলাইহাস সালাম-এর ত্যাগ ও সংগ্রামের স্মৃতি বহন করে। এটি মানুষকে শেখায়—আল্লাহর সাহায্য আসে আন্তরিক চেষ্টা, ধৈর্য ও দৃঢ় ঈমানের পর।
আরাফাত : অন্তরের পুনর্জন্ম
আরাফাতের দিন হজের চূড়ান্ত মুহূর্ত। লাখো মানুষ অশ্রুসিক্ত চোখে আল্লাহর দরবারে দাঁড়ায়—যেন কিয়ামতের দিনের প্রতিচ্ছবি।

এই অভিজ্ঞতা মানুষের মধ্যে তওবা, আত্মসমালোচনা এবং আল্লাহর রহমতের আকাঙ্ক্ষাকে জাগ্রত করে। অনেক হাজি এটিকে জীবনের এক নতুন জন্ম হিসেবে অনুভব করেন।
হজের প্রকৃত উদ্দেশ্য

হজের সফলতা কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত প্রভাব প্রকাশ পায় মানুষের চরিত্রে—সততা, বিনয়, দয়া, ধৈর্য, ক্ষমাশীলতা ও মানবসেবায়।
যদি হজের পরও অহংকার, লোভ, ঘৃণা, অন্যায় ও প্রতারণা অপরিবর্তিত থাকে, তবে বুঝতে হবে হজের আত্মিক ফল এখনো পরিপক্ব হয়নি।
হযরত শায়েখ আলী হুজভেরী শিক্ষা দিয়েছেন, প্রকৃত আধ্যাত্মিকতা মানুষের চরিত্র ও আচরণে প্রতিফলিত হয়।

হজ মানুষের মনকে বিভ্রান্তি থেকে স্বচ্ছতায়, হৃদয়কে কঠোরতা থেকে কোমলতায় এবং আত্মাকে গাফিলতি থেকে আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে। একজন সত্যিকারের হাজি হয়ে ফিরে আসেন আরও বিনয়ী, সংযমী, ক্ষমাশীল, আত্মসচেতন ও সমাজের জন্য উপকারী মানুষ হিসেবে।

হজের চূড়ান্ত বার্তা হলো—মানুষের মর্যাদা সম্পদ, বর্ণ, জাতীয়তা বা ক্ষমতায় নয়; বরং হৃদয়ের পবিত্রতা, তাকওয়া, বিনয় এবং আল্লাহ ও তাঁর সৃষ্টির প্রতি ভালোবাসার মধ্যে নিহিত।
কাশফুল মাহজুব-এ হযরত শায়েখ আলী হুজভেরী অত্যন্ত সুন্দরভাবে বলেছেন—
‘আল্লাহর পথে পৌঁছানোর পথ হলো আত্মশুদ্ধি এবং সৃষ্টির সেবা।’

[মুসলিম মিরর পত্রিকা থেকে লেখাটি অনূদিত। অনুবাদ: সাইমুম রিদা]
 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ