বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


‘ঈদযাত্রা এখন মানুষের ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের দুর্ভোগ ও হয়রানি রোধে সরকারের কার্যক্রম আরও দৃশ্যমান ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অর্থনৈতিক কেন্দ্রীকরণ, পারিবারিক বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে প্রতি ঈদে লাখো মানুষ গ্রামের বাড়ির পথে ছুটে যান। মানুষের এই ঘরে ফেরা দেশের সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতায় ঈদযাত্রা এখন সাধারণ মানুষের জন্য ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে।

তিনি বলেন, প্রতিবছর ঈদ এলেই সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায়, দীর্ঘ যানজট ও পরিবহন বিশৃঙ্খলা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। অভিযোগ করে বলেন, বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে তিন থেকে চারগুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে অতিরিক্ত ভাড়ার কারণে কাঙ্ক্ষিত পরিবহনে উঠতে পারছেন না।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সরকারের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে তা সাধারণ মানুষ বুঝতে পারছে না, কারণ দুর্ভোগ ও হয়রানি এখনো কমেনি। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবহন মালিকদের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং প্রশাসনের কার্যক্রম আরও কঠোর ও দৃশ্যমান করতে হবে।

বিবৃতিতে তিনি বিশেষভাবে পোশাকশ্রমিকদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, অনেক শ্রমিক কম বেতন ও সীমিত বোনাস পান, আবার অনেকে সময়মতো বেতন-বোনাসও পান না। কিন্তু ঈদে বাড়ি ফেরার সময় তাদের গুনতে হয় দুই থেকে তিনগুণ বেশি ভাড়া। ফলে উপার্জনের বড় অংশই যাতায়াতে ব্যয় হয়ে যায়। টাকা বাঁচাতে বাধ্য হয়ে অনেকে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ যাতায়াত পদ্ধতি বেছে নেন, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে ঈদযাত্রা এখন বহুমাত্রিক অব্যবস্থাপনা ও প্রশাসনিক ব্যর্থতার প্রতীকে পরিণত হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ঈদযাত্রাকে নিরাপদ, সহজ ও আনন্দময় করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ