শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন দুই বিশিষ্ট আলেম।

মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ এবং মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ ড. হুসাইন বিন আবদুল আজিজ আলুশ-শায়খ।

সৌদি আরবের ধর্মবিষয়ক কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। শুক্রবারের তারিখটি হিজরি ১৪৪৮ সালের ৩ জমাদিউস সানি।

শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ সৌদি আরবের একজন বিশিষ্ট ইসলামি স্কলার। ১৯৭৫ সালে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ ও ইসলামি শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ফিকহ বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

তিনি মক্কার গ্র্যান্ড মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সৌদি আরবের সর্বোচ্চ আলেম পরিষদের সদস্য এবং তায়েফ বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের সহকারী অধ্যাপক। ২০১৩ সালে মসজিদুল হারামে তারাবির নামাজে ইমামতির দায়িত্ব পান। একই বছরের অক্টোবরে মসজিদুল হারামের নিয়মিত ইমাম হিসেবে নিয়োগ লাভ করেন। ২০২১ সালে আরাফার ময়দানে হজের খুতবা দেওয়ার দায়িত্বও পালন করেন তিনি।

শায়খ ড. হুসাইন বিন আবদুল আজিজ আলুশ-শায়খ সৌদি আরবের প্রখ্যাত আলেম, বিচারক ও ইসলামি বক্তা। ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। রিয়াদের শরিয়াহ অনুষদে পড়াশোনা শেষে ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিচার বিভাগ থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মদিনার গ্র্যান্ড কোর্টে বিচারকের দায়িত্বও পালন করেছেন। ইসলামি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান এবং বিভিন্ন গবেষণা তত্ত্বাবধানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাফসির, ফিকহ, আকিদা ও হাদিসসহ ইসলামি জ্ঞানের বিভিন্ন বিষয়ে তাঁর পাঠদান রয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ