নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলার প্রতিবাদে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা। তাঁরা বলেছেন, পবিত্র মক্কা-মদিনা মুসলিম উম্মাহর আবেগ ও ভালোবাসার কেন্দ্র। এসব পবিত্র স্থানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে বিশ্বের ২০০ কোটি মুসলমান নীরব থাকতে পারে না। প্রয়োজনে সৌদি আরবের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুথিদের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, মক্কা-মদিনাসহ গোটা আরব অঞ্চল মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মভূমি মক্কা এবং তাঁর পবিত্র রওজা মোবারক অবস্থিত মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে মুসলিম উম্মাহ তা কোনোভাবেই মেনে নেবে না। হুথিদের এ ধরনের হামলার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি প্রতিটি ঈমানদার মুসলমানকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ওমরাহযাত্রীরাও রেহাই পাচ্ছেন না। এসব হামলায় বাংলাদেশের দুজন প্রবাসী নিহত হয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব মুসলিমের প্রতিবাদ জানানো ঈমানি দায়িত্ব। এ ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে হামলা মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর আঘাত হেনেছে। সৌদি আরবকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্র মুসলমানরা মেনে নেবে না। মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে হামলা চালিয়ে ওমরাহযাত্রী ও সাধারণ মানুষকে হতাহত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মুসলমানরা জীবন দিয়ে হলেও পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সৌদি আরবে হামলা বন্ধে ওআইসি ও জাতিসংঘের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আবুল হাসান কাসেমী, ইঞ্জিনিয়ার মুফাসসীর হোসাইন ও মুফতি জসিম উদ্দিন। দলের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীর সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুফতি কামরুল ইসলাম, মুফতি রশীদ আহমদ, মাওলানা তানজিল হাসান, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা মনির হোসেন ও শাহিনুর আলমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, মক্কা-মদিনাসহ মুসলিম দেশ ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আরব বিশ্বের প্রধান দায়িত্ব। এ জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আরব দেশগুলোর নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে বাংলাদেশ থেকেও সৈন্য পাঠানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এসএইচ/