আওয়ার ইসলাম ডেস্ক
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের লন্ডন মহানগর শাখার উদ্যোগে ইংল্যান্ডের ঐতিহাসিক হ্যাস্টিংস সি বিচে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সফরে সংগঠনের দায়িত্বশীল, আলেম-উলামা ও সদস্যরা অংশ নেন।
গত মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত এ শিক্ষা সফরে ধর্মীয়, শিক্ষামূলক ও বিনোদনমূলক নানা আয়োজনের সমন্বয় ছিল। অংশগ্রহণকারীরা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাগরে সাঁতার কাটেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। স্থানীয় কমিউনিটি নেতারা সফরসঙ্গীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং পাকোড়া, তরমুজসহ বিভিন্ন খাবারের আপ্যায়নের ব্যবস্থা করেন। এছাড়া মধ্যাহ্নভোজে মাওলানা জসিম উদ্দিনের বড় ভাই আলহাজ কবির উদ্দিনের পরিবেশিত খাবার উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
শিক্ষা সফরের অন্যতম আকর্ষণ ছিল ফুটবল ম্যাচ, আলেমদের অংশগ্রহণে ইসলামী কুইজ প্রতিযোগিতা এবং ছাত্রজীবনের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময় পর্ব। এসব আয়োজন সফরটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানের বিশেষ পর্বে মাওলানা মামনুন মহিউদ্দিন পবিত্র কুরআনের আলোকে সমুদ্র এবং মহান আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন বিষয়ে একটি অনুপ্রেরণামূলক আলোচনা উপস্থাপন করেন। তিনি সৃষ্টিজগতের নিদর্শন নিয়ে চিন্তা-গবেষণার গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিতদের আল্লাহর অসীম কুদরতের প্রতি গভীরভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, এ ধরনের শিক্ষা সফর সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সাংগঠনিক বন্ধন এবং মানসিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
শিক্ষা সফরে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহসভাপতি মাওলানা সৈয়দ মোশাররফ আলী, মহাসচিব মুফতি মাওসূফ আহমেদ, ইউকে জমিয়তের সহসভাপতি মাওলানা ময়নুল হক চৌধুরী, লন্ডন মহানগর সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সিনিয়র সভাপতি মাওলানা আব্দুল বাসিত, অর্থ সম্পাদক আলহাজ শায়েস্তা মিয়া, মাওলানা ফজলুল্লাহ, হাফিজ আব্দুল করিম, মাওলানা আখলাক চৌধুরী, মাওলানা সোহেল আমিন, মাওলানা আদনান আহমেদ, জয়নাল আবেদীন সাখন এবং মুরতুজা আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসএইচ/