নিজস্ব প্রতিবেদক-
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসাহ-উদ্দীপনা ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইসলামী আদর্শ, নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, রাজনৈতিক প্রজ্ঞা, গণসংযোগ, মিডিয়া ও ডিজিটাল সক্ষমতা এবং সমসাময়িক জাতীয় প্রেক্ষাপটে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে দাওয়াহ সচিব মাওলানা মোসাদ্দিকুল মওলা পবিত্র কুরআনের নির্বাচিত আয়াতের আলোকে দরসে কুরআন উপস্থাপন করেন। পরে মহিলা বিষয়ক সচিব ও শায়খুল হাদীস মাওলানা জিয়াউল হাসান নির্বাচিত হাদিসের আলোকে দরসে হাদিস পেশ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, শাইখ ওসমান গণি এবং যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ খান।
বক্তারা বলেন, একটি আদর্শভিত্তিক আন্দোলনের সফলতা নির্ভর করে কর্মীদের ঈমানি দৃঢ়তা, বিশুদ্ধ আকীদা, আদর্শিক স্বচ্ছতা, সাংগঠনিক শৃঙ্খলা, সময়োপযোগী দক্ষতা এবং আত্মত্যাগের মানসিকতার ওপর। বর্তমান বাস্তবতায় ইসলামী রাজনীতির কর্মীদের জ্ঞান, প্রজ্ঞা, প্রযুক্তিগত সক্ষমতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, কুরআন-সুন্নাহর নির্দেশনার আলোকে সংগঠনকে আরও সুসংহত, কার্যকর ও গণমুখী করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আদর্শিক ভিত্তি, সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক কৌশল, মিডিয়া ও ডিজিটাল দক্ষতা, দাওয়াতি কার্যক্রম, জনআস্থা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি, দ্বন্দ্ব নিরসন এবং দলীয় শৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী কর্মশালার সঞ্চালনা করেন প্রশিক্ষণ সচিব মাওলানা মুফতি শরীফুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী।সমাপনী বক্তব্যে নেতারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ দায়িত্বশীলদের মধ্যে নতুন উদ্দীপনা, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক কর্মদক্ষতা সৃষ্টিতে সহায়ক হবে। একই সঙ্গে দেশের সর্বস্তরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, গণমানুষের কল্যাণে কাজ এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
জেডএম/
