মাগরিবের সূর্যাস্তের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র মহররম মাস এবং নতুন হিজরি বর্ষ ১৪৪৮। ইসলামের চারটি সম্মানিত ও পবিত্র মাসের অন্যতম মহররম মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি এবং আল্লাহর আরও নৈকট্য লাভের এক মহিমান্বিত সুযোগ।
সৌদি সুপ্রিম কোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল মহররমের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী, মঙ্গলবার ১৬ জুন থেকে নতুন হিজরি বছর শুরু হয়েছে এবং আগামী ২৫ জুন (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে।
পবিত্র মহররমের অন্যতম ফজিলতপূর্ণ আমল হলো আশুরার রোজা পালন। হাদিসে এসেছে, ১০ মহররমের রোজা বিগত এক বছরের গুনাহ মাফের মাধ্যম হিসেবে বিবেচিত। এছাড়া প্রতি চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামুল বিজের রোজা পালন করা রাসুলুল্লাহ সা.-এর প্রিয় সুন্নতগুলোর একটি।
মুসলিম উম্মাহ নতুন হিজরি বছরকে স্বাগত জানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে—তিনি যেন এই বছরকে বরকত, হেদায়েত, ক্ষমা এবং তাঁর আনুগত্যে অবিচল থাকার মাধ্যমে পরিপূর্ণ করেন।
অন্যদিকে পাকিস্তানে মহররমের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির কেন্দ্রীয় রুইয়াতে হিলাল কমিটি ঘোষণা করেছে, সেখানে বুধবার ১৭ জুন থেকে মহররম মাস শুরু হবে। ফলে পাকিস্তানে পবিত্র আশুরা পালিত হবে ২৬ জুন।
লাহোরে কেন্দ্রীয় রুইয়াতে হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, পাকিস্তানের কোনো স্থান থেকে মহররমের চাঁদ দেখার গ্রহণযোগ্য সাক্ষ্য পাওয়া যায়নি।
এদিকে বাংলাদেশে আজ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেখানেই সিদ্ধান্ত হবে দেশে কবে পালিত হবে পবিত্র আশুরা।
আইও